Sylhet Today 24 PRINT

আমি কৃষকের সন্তান, শৈশব ভুলে যাইনি : রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

আমি একজন কৃষকের সন্তান। রাষ্ট্রপতি হয়েও আমি আমার শৈশবের স্মৃতি ভুলে যাইনি। কেউ যদি তার মূল ভুলে যায়, তাহলে সে প্রকৃত মানুষ না। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

পাঁচদিনের কিশোরগঞ্জ সফরের তৃতীয় দিন আজ বুধবার মিঠামইনে এক জনসভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

গত এপ্রিলে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মিঠামইন উপজেলা পরিষদ স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমি রাষ্ট্রপতি আবদুল হামিদ, আপনারা জনগণই আমাকে ভোট দিয়ে আটবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্যমত হাওর অঞ্চল তথা সারা দেশের উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছি।

রাষ্ট্রপতি বলেন, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। বাংলাদেশের সব জনগণকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে।

যেসব প্রার্থী নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় এবং জনগণের প্রতারণা করে তাদেরকে নির্বাচিত না করার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের প্রতি আহ্বান জানান।

মিঠামইন উপজেলা চেয়ারম্যান মো. আবদুস শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজাল, কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হকসহ আরও অনেকে।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৩ থেকে ৫১ শয্যায় উন্নতিকরণসহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.