Sylhet Today 24 PRINT

বৈঠকে বসতে সম্পাদক পরিষদকে তথ্যমন্ত্রীর চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ প্রণয়নের প্রতিবাদে রাজপথে না নামার অনুরোধ জানিয়ে সম্পাদক পরিষদকে চিঠি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার বিকেলে পাঠানো তথ্যমন্ত্রীর স্বাক্ষরে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত চিঠিতে আগামী রোববার বৈঠকের আগ্রহও প্রকাশ করেন।

পাশাপাশি আগামী শনিবার পরিষদের ডাকা মানববন্ধনটি স্থগিত রাখার জন্যও অনুরোধ জানান মন্ত্রী।

চিঠিতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অথবা পরিষদের সুবিধাজনক সময়ে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ তিনি পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে আগ্রহী।

চিঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও বিবৃতি তথ্য মন্ত্রণালয় গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্য অধিকারের প্রতি সরকারের আন্তরিকতা ও শ্রদ্ধা সমুন্নত রেখে বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকের একান্ত প্রয়োজন। আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে।

পাশাপাশি বৈঠকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতাদেরও চিঠি দিয়েছেন তথ্যমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.