সিলেটটুডে ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের ধারণা— বাংলাদেশের আসন্ন নির্বাচনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ সেপ্টেম্বর) শেখ হাসিনার সঙ্গে পৃথক পৃথক বৈঠকে বিশ্ব নেতারা এই আশাবাদ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের সরকার বা সংস্থার প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। বুধবারও এস্তোনিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার কর্তাব্যক্তিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসব বৈঠকের বিষয়ে ব্রিফ করতে এসে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘গ্লোবাল রিডিং হল, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে তৃতীয়বারের মত সরকার গঠন করবেন। এ জিনিসটা আমরা আলোচনার মধ্যে স্পষ্ট দেখতে পেয়েছি।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় সংসদের অর্ধেক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় বারের মত সরকার গঠন করে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ওই নির্বাচন নিয়ে প্রথম দিকে প্রশ্ন তুললেও পরের বছরগুলোতে অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং রোহিঙ্গা সঙ্কটে ভূমিকার জন্য শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। চলতি বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
বুধবার দিনের শুরুতেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের সংলাপে অংশ নেন শেখ হাসিনা।
পরে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর, ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি, এস্তোনিয়ার প্রেসিডেন্ট কের্স্টি কালিজুলেইদ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মঘেরনিনি এবং মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিশ্চিয়ানা স্ক্র্যানার বারগেনার জাতিসংঘ সদর দপ্তরে আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক এসব বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
শহীদুল হক বলেন, ‘বেশ কয়েকজন এজেন্সি প্রধান ও রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেছেন, সামনের বছর উনার (শেখ হাসিনা) সাথে তাদের দেখা হবে প্রধানমন্ত্রী হিসাবে।’
পররাষ্ট্র সচিব বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার কথা চিন্তা করে… উনার যে ভূমিকা রোহিঙ্গা সঙ্কটের ক্ষেত্রে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে; এই কথা চিন্তা করে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, উনার একটা ধারাবাহিকতা থাকবে এবং তারা আশা করছেন, উনি আবার বাংলাদেশের নেতৃত্বে থাকবেন।
‘উনারা প্রধানমন্ত্রীকে আগাম অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, আবার উনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে পাবেন বলেই তারা আশা করছেন।’
শহীদুল বলেন, ‘তারা আশা প্রকাশ করেছেন, একটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যে ধারাবাহিকতা আছে, এটা অব্যাহত থাকবে।’
দ্বিপক্ষীয় এসব আলোচনায় নির্বাচন ছাড়াও রোহিঙ্গা পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র সচিব।
তথ্যসূত্র: বিডি নিউজ।