Sylhet Today 24 PRINT

এসকে সিনহার ভাইয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ অক্টোবর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়) দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

এর আগে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়ে এসকে সিনহার ব্যাংক এ্যাকাউন্টে দেয়ার অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.