Sylhet Today 24 PRINT

অক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৮

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।

সোমবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের কমিটি নিয়মিত বৈঠক হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

সামছুদ্দিন আহমেদ জানান, অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিশেষজ্ঞ কমিটির পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়া অফিস জানায়, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করে এবং সে সময় প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ু সাধারণত তিন মাস অবস্থান করে থাকে।

বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে স্বাভাবিক অপেক্ষা ৪৩.৬ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিক অবস্থায় গড়ে ৩২৫ মিলি বৃষ্টি হয়, আর হয়েছে ১৮৪ মিলিমিটার। আর বৃষ্টিপাতের স্বাভাবিক দিন সংখ্যা ৩০ দিনের স্থলে হয়েছে ২২ দিন।

এ মাসে দেশে সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ সেপ্টেম্বরে যশোরে।

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.