সিলেটটুডে ডেস্ক | ০২ অক্টোবর, ২০১৮
সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে জীবন, সম্পদহানিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ফোন করেন প্রধানমন্ত্রী। এসময় তাদের মধ্যে ১০ মিনিট কথা হয়।
এসময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত।
গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে সৃষ্ট সুনামির ২০ ফুট উচ্চতার বিশাল ঢেউ বিভিন্ন উপকূলীয় শহরের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পালু শহর।
পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগের এই তাণ্ডবে মঙ্গলবারের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা এক হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েকশ’ মানুষ। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহো জানান, পালু, ডঙ্গালা, সিগি ও পারিগি মুনতোঙ্গ শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪৭ জনে। এছাড়া ৭৯৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। সিগি ও বালারোয়াতে এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।