সিলেটটুডে ডেস্ক | ০৪ অক্টোবর, ২০১৮
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধার পরিবার সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক-মোড় অবরোধের ফলে গাড়ি চলাচল অনেকটাই থমকে যায়। এর ফলে সকালবেলা অফিসমুখো মানুষদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়।
মূলত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডাকে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও এতে মুক্তিযোদ্ধাদের পরিবারের অনেকে অংশ নিয়েছেন।
মুক্তিযোদ্ধার সন্তানরা সেখানে কোটা বহালের দাবিতে মাটিতে বসে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি সেখানে গণসংগীতও পরিবেশিত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়ছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিকুর রহমান বলেন, আগামী শনিবার (৬ অক্টোবর) বিকেল তিনটায় শাহবাগে মহাসমাবেশ করবেন তাঁরা। যতক্ষণ না পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
বুধবার মন্ত্রীপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা প্রথা বাতিলের প্রস্তাব অনুমোদন পায়। এরপরই বিক্ষোভে নামেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
সরকারি চাকরিতে নিয়োগে এতদিন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
এই কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে জোরালো আন্দোলন করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি প্ল্যাটফর্ম।
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা ছাড়াও তাঁদের অন্য দাবিগুলো হলো, মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।