Sylhet Today 24 PRINT

শহিদুলকে ডিভিশন দেওয়ার আদেশ বহাল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির সুবিধা (ডিভিশন) দিতে হাই কোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্র-পক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দি সুবিধা দিতে গত ৫ সেপ্টেম্বর নির্দেশ দেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট শহিদুল আলমকে ডিভিশন দিতে মুখ্য মহানগর হাকিম আদালতে করা আবেদনের প্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

এরপর ২৮ আগস্ট কারা কর্তৃপক্ষ তা অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠালেও কোন সাড়া না পাওয়ায় এর এক সপ্তাহ পর ম্যাজিস্ট্রেটের অনুমোদনের দীর্ঘসূত্রিতার কারণ উল্লেখ ও ডিভিশন চেয়ে রিট করেন শহীদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শহিদুল আলমকে ধানমণ্ডির বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। ৬ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। তার বিরুদ্ধে নাশতকায় উস্কানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.