Sylhet Today 24 PRINT

আমাদের সব আয়োজন তারুণ্যের জন্য: প্রধানমন্ত্রী

উন্নয়ন মেলার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

উন্নয়ন মেলা-২০১৮ তরুণদের প্রতি উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সব আয়োজন তারুণ্যের জন্য। যারা দেশকে কিছু উন্নতিও দিতে পারবে, নিজের ভাগ্য গড়তে পারবে। তাদের পরিবারগুলোও সুন্দরভাবে বাঁচবে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় উন্নয়ন মেলাসহ দেশের সব জেলা-উপজেলায় আয়োজিত উন্নয়ন মেলার একযোগে উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রেখে ধাপে ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকের শিশু, আগামী দিনের তরুণ; তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে চলবে তিন দিনের এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে উন্নয়ন মেলার থিম সং’টি দেখানো হয়। এছাড়াও সরকারের গৃহীত উন্নয়ন পদক্ষেপের একটি ভিডিও চিত্রও দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়ন কোনো একটি জায়গায় নয়, সারাদেশে ছড়িয়ে দিচ্ছি। আমি আশা করি, এই উন্নয়ন মেলার মাধ্যমে আমাদের দেশের মানুষ তাদের জন্য আমরা কী উন্নয়ন করলাম এবং সে উন্নয়নের মধ্য দিয়ে তারা কিভাবে নিজের ভাগ্যকে গড়তে পারবে, সেটা দেখার সুযোগ তারা পাবে এবং সেই সুযোগটা তারা গ্রহণ করবে। সেই চিন্তা থেকেই আজকের এই উন্নয়ন মেলা।

শিশু-কিশোর ও তরুণদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের আজকের শিশু আগামী দিনের তরুণ; তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকের তরুণ আগামী দিনে হবে এ দেশের কর্ণধার। কাজেই আমাদের সব আয়োজন এই তারুণ্যের জন্য। তরুণরা তাদের ভাগ্য পরিবর্তন করবে। তাদের সুন্দর একটা ভবিষ্যৎ যেন গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

উন্নয়ন মেলা তরুণদের উৎসর্গ করে তিনি বলেন, এই মেলা তরুণদের জন্যই উৎসর্গ করছি। তারা যেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে। সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদ, এসব থেকে মুক্ত থেকে তারা নিজেদের সুন্দরভাবে গড়ে তুলবে, সেটাই আমরা চাই। যারা দেশকে কিছু উন্নতিও দিতে পারবে, নিজের ভাগ্য গড়তে পারবে। তাদের পরিবারগুলোও সুন্দরভাবে বাঁচবে। একেবারে গ্রামের মানুষও যেন তার যেকোনো কর্মসংস্থানটা করে নিতে পারে, সেটা আমরা চাই।

এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.