Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর নামে হচ্ছে না পদ্মাসেতুর নামকরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নামে পদ্মাসেতুর নামকরণের প্রস্তাব নাকচ করে দেয়ায় অবশেষে নদীর নামেই এই সেতুর নামকরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য রোগে আক্রান্ত লিখনকে দেখতে গেলে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সেজন্য সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠকরা তার নামে এই সেতুর নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন।

এই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মাসেতু’ করার প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন।

‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারের কোন সদস্যের নামে এ সেতুর নামকরণ করা হোক তা চাননি। তাই তিনি নদীর নামেই এ সেতুর নাম পদ্মাসেতু করার সিদ্ধান্ত দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.