Sylhet Today 24 PRINT

বগুড়ায় বাসে পেট্রোল বোমা হামলা, ২ নারী আহত

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বগুড়ায় বগুড়ায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ২ নারী যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে শাহজাহানপুর উপজেলার নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে জানান শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল । ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করে নুর মাহমুদ নামে এক হামলাকারীকে আটক করে। তিনি জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক বলে জানা যায়।

আহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)।  দগ্ধ ২ জনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জিয়া লতিফুল জানান, রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে বোমা ছুড়ে মারার ঘটনাটি ঘটে। নীলফামারী থেকে বাসটি ঢাকায় যাচ্ছিল। বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাধারঘাট এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল থেকে বাসের ভেতরে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে বাসের সামনের আসনে থাকা ২ নারী যাত্রী আহত হন।

শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) রুম্মনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ধাওয়া করে হামলাকারীদের একজনকে আটক করে বলেও জানান তিনি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.