Sylhet Today 24 PRINT

সমৃদ্ধির মানেই জানেন না খালেদা জিয়া, মন্তব্য অর্থমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

পুরনো ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেখ হাসিনার সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আর যদি খালেদা জিয়া এলে আমাদের সমৃদ্ধি থমকে যাবে, কেননা তিনি সমৃদ্ধির মানেই জানেন না।

শুক্রবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নুসা দুয়া কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিতসুহিরো ফুরুসায়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন মুহিত।

বিশ্ব ব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনে অংশ নিতে বুধবার ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছান অর্থমন্ত্রী মুহিত। বিশ্বের ১৮৯টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে শুক্রবার সকালে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বালি দ্বীপের নুসা দুয়া কনভেনশন সেন্টারে বিশ্বব্যাংক ও আইএমএফের এই বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইন্দানেশিয়ার সোলায়সী দ্বীপে সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ২৭ সদস্যের একটি প্রতিনিদিল এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম রয়েছেন এই প্রতিনিধি দলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.