Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-সিলেট সংযোগ-কাঁচপুর সড়ক উদ্বোধন, কমবে যানজট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক-কাঁচপুর এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে নির্মিত এ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট অঞ্চলের মধ্যকার যাতায়াতে অন্যতম সমস্যা সৃষ্টিকারী এলাকা কাঁচপুর। এ উন্নয়ন কার্যক্রমের ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থার একটি সমস্যার সমাধান হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকারীদের পালিয়ে যেতেও সহযোগিতা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি একুশে আগস্টের ঘটনায় হতাশ-দিশেহারা। একুশে আগস্টের হামলার জন্য কে দায়ী, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। এতগুলো রায় হলো কেউ কথা বলেনি। বিএনপি তাদের মুখের বিষ ছড়াচ্ছে।’

এ মামলার রায় প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্য বিষয়ে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার কথাবার্তা বেসামাল হয়ে যাচ্ছে।’

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সড়ক নির্মাণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.