Sylhet Today 24 PRINT

আগামী নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে কমিশন বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।

সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সচিব বলেন, “সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। কমিশন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করছে। ভোটার তালিকার সিডি প্রস্তুত করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। কোনো ভুলত্রুটি থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। তিনশ’ আসনের সীমানা নির্ধারণের কাজও হয়েছে। ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন।”

সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭শ’ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে খাতভিত্তিক ব্যয়ের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। অনেক নির্বাচন সামগ্রী ক্রয় করে গুদামজাত করা হয়েছে। অবশিষ্টগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যেই কেনা হবে বলে তিনি জানান।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) ব্যবহারের প্রস্তুতিও থাকবে। সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধন হলে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএমকে জনপ্রিয় করার জন্য আগামী ২৭ অক্টোবর দেশের নয়টি স্থানে এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয়ভাবে দুইদিনব্যাপী ‘ইভিএম মেলা’র আয়োজন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনে দেশি-বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.