Sylhet Today 24 PRINT

সড়কে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৮

সড়কে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । রোববার (২৮ অক্টোবর) সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনে সরকারকে ৪০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়কে নৈরাজ্য সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। শক্ত হাতে তাদের দমন করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় মন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকছেন তা দু‘একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন।

মন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ নির্বাচন বিঘ্নিত করার মতো কোন কর্মকাণ্ড কেউ করতে পারবে না। বর্তমান সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নির্বাচন বিষয়ে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তারা যদি নির্বাচনে না আসে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.