Sylhet Today 24 PRINT

নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৮

নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘নভেম্বরে মাঝামাঝি সময়ে রোহিঙ্গাদের প্রথম ব্যাচকে প্রত্যাবাসন করা হবে বলে আশা করছি।’

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো-এর সঙ্গে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন করা সম্ভব। আমরা দেখছি আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার জন্য আমার দু’জনেই আগামীকাল (বুধবার) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছি।’

মিন্ট থো বলেন, ‘আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে এবং আমরা দুই পক্ষই দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চাই।’

রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা রাখাইনে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে রয়েছে সেখানকার পুলিশ এবং জনগণকে সচেতন করা। যাতে করে রোহিঙ্গারা বৈষম্যের শিকার না হয়।’

প্রথম ব্যাচে কতজন রোহিঙ্গা দেশে ফিরে যাবেন তা জানা যায়নি। তবে ফেব্রুয়ারিতে ৮০৩২ জনের একটি তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল। এর ৪৬০০ জনের তথ্য তারা যাচাইবাছাই করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.