Sylhet Today 24 PRINT

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (মঙ্গলবার) সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়েছে বলে জানান প্রতিনিধি দলে থাকা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি জানান, ঐক্যফ্রন্ট শরিক বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় থেকে এই অনুমতি গ্রহণ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধিদলটি ডিএমপিতে যায়।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

এদিকে ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি। এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল বলেছিলেন, সমাবেশ কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সাত দফা দাবিতে অনুষ্ঠেয় সমাবেশ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে।

এ্যানী আরও বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.