Sylhet Today 24 PRINT

শহিদুল আলমের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৮

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এ জামিন দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

এরআগে ৬ নভেম্বর হাই কোর্টের নতুন আরেকটি বেঞ্চে জামিন আবেদন করেছিলেন আইসিটি মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলম।

তার আগে হাইকোর্টে জামিন আবেদন করলে হাই কোর্টের একটি বেঞ্চ জামিনের শুনানির জন্য বিচারিক আদালতে পাঠিয়ে দেন।

পরে গত ১১ সেপ্টেম্বর নিম্নআদালতে শহিদুল আলমের জামিন নামঞ্জুর করা হয়।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ।

মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.