সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০১৮
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা তিন মামলায় ৪৮৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, পল্টন থানায় দায়ের করা মামলা নম্বর ২১, ২২ ও ২৩। ২১ নাম্বার মামলায় এজাহারভুক্ত আসামি ১৯২ জন, তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। ২২ নং মামলায় এজাহারভুক্ত আসামি ১৫৯ জন, এরমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। ২৩ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি ১৩৭ জন। এরমধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের মনোনয়ন ফরম বিক্রি তৃতীয় দিনে বুধবার (১৪ নভেম্বর) বেলা পৌনে একটার দিকে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশের একটি পিক-আপ ও দুইটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।