Sylhet Today 24 PRINT

প্রকাশক দীপন হত্যার চার্জশিট দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৮

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। আসামীর তালিকায় রয়েছেন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জঙ্গি।

হত্যাকাণ্ডের তিন বছর পর বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার ফজলুর রহমান।

ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী অভিযোগপত্রটি গ্রহণ করেন। এই অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানি হবে আগামী ১৮ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের সংশিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান।

এই পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ছয়জন কারাগারে এবং অন্য দুজন পলাতক বলে জানান তিনি। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে পুলিশ আগেই জানিয়েছিল।

গ্রেপ্তার ছয়জন হলেন সুনামগঞ্জের মইনুল হাসান শামীম (২৪), কুমিল্লার মো. আব্দুস সবুর (২৩), চট্টগ্রামের খায়রুল ইসলাম (২৪), মো. শেখ আব্দুল্লাহ (২৭), লালমনিরহাটের মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ও ময়মনসিংহের মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (২৫)। জিয়াসহ দুজন পলাতক। এই জঙ্গি গোষ্ঠির সামরিক কমান্ডারের দায়িত্বে থাকা জিয়ার পরিকল্পনা এবং নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে শুরু থেকেই বলে আসছিল পুলিশ।

এসআই মাহমুদুর জানান, আট আসামি বাদে এই মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১১ জনকে অব্যাহতি দিতে সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

লেখক-প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর ধারাবাহিক হামলার মধ্যে ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে নিজের প্রকাশনা জাগৃতির কার্যালয়ে আক্রান্ত হন দীপন। বদ্ধ ঘরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.