Sylhet Today 24 PRINT

সিলেটের দুইটিসহ সরকারি হল আরও ১৬ মাধ্যমিক বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৮

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দুইটিসহ দেশের আরও ১৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকেই এসব বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

জাতীয়করণ করা সিলেটের বিদ্যালয় দুইটি হল, সুনামগঞ্জের গোবিন্দচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া মুন্সীগঞ্জের ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয় ও নরসিংদীর আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) এবং কুমিল্লার দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় সরকারি হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহীর মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের বকশীমুল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর এন) পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

সেই ধারাবাহিকতায় চলতি বছরে দুই শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.