Sylhet Today 24 PRINT

নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না: মনিরুল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৮

নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানোসহ নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম। তবে এ ঘটনায় নিরপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, পল্টনের নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্টভাবে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অযথা কাউকে গ্রেপ্তার করা হবে না।

‘নির্বাচনের সময় ফৌজদারি অপরাধ না করলে এবং নির্বাচনী আচরণবিধি না ভাঙলে কাউকে গ্রেপ্তার করা হবে না।

মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই। তবে জঙ্গিবাদ যেন মাথাচাড়া না দিতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

প্রসঙ্গ গত বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অন্তত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেপ্তার করেছে ডিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.