Sylhet Today 24 PRINT

বিটিআরসি স্কাইপ বন্ধ করেনি

বললেন চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, বিটিআরসির পক্ষ থেকে স্কাইপ বন্ধ করা হয়নি।

সোমবার (১৯ নভেম্বর) রাত ১২টায় বেসরকারি একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, অন্য কোনো কারণে স্কাইপ বন্ধ হতে পারে। বিটিআরসির পক্ষ থেকে এটি বন্ধ করা হয়নি।

এ সময় উপস্থাপিকা সঠিক কারণ জানতে বিটিআরসির কোনো কর্মকর্তাকে তাদের সঙ্গে স্কাইপে যোগাযোগ স্থাপন করতে বলতে পারেন কি না- প্রশ্ন করলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এত রাতে কাউকে পাওয়া যাবে না।

উল্লেখ্য, সোমবার সরকার নিয়ন্ত্রিত সংস্থা বিটিআরসি ইন্টারভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপ সেবা বন্ধ করে দেয় বলে অভিযোগ করে বিএনপি।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বিটিআরসি স্কাইপ বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কাইপ সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো বিটিআরসি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.