Sylhet Today 24 PRINT

‘রাঙা প্রভাতে’ ২ কোটি ৩২ লাখ টাকার সোনা

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৮

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১৯ আসনের উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা।

বুধবার (২১ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার চালানটি জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

শুল্ক কর্তৃপক্ষের দাবি, জব্দ হওয়া সোনার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২২৮ নম্বর ফ্লাইটটি আবুধাবি থেকে সিলেট হয়ে আজ সকাল ৮টার দিকে ঢাকায় অবতরণ করে। চোরাচালানের গোপন সংবাদ থাকায় প্রিভেনটিভ টিম আজ সকালে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রিজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে রাঙা প্রভাতে সব যাত্রী নেমে যাওয়ার পর তল্লাশি চালায়।

তিনি আরও বলেন, তল্লাশির সময় ৪৫বি সিটের হেলান দেওয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুটি লম্বা বার সিটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিমানবন্দরের কাস্টমস হলে এগুলো নেওয়া হয়। সেখানে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ১০ তোলা ওজনের সোনার ৪০টি বার উদ্ধার করা হয়। এই আটকের ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী চোরাচালানে ব্যবহৃত এয়ারক্রাফটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি ঢাকা কাস্টম কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.