Sylhet Today 24 PRINT

ধর্ষণের মামলায় কারাগারে ঢাবি শিক্ষক

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খালেদ মাহমুদকে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার পরিদর্শক শিহাব উদ্দিন।

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। মামলার পরে রাতেই ভাটারা থানার পুলিশ বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খালেদ মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পারিবারিক কারণে মামলা হয়েছে। তবে এখনো বিস্তারিত জানিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.