Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের ইশতেহার এক সপ্তাহের মধ্যে

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

সবার জন্য সুশাসন ও তরুণ প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত রূপকল্প ভিশন-২০৩০ ও ঐক্যফ্রন্টের ১১ লক্ষ্যও অন্তর্ভুক্ত করবে ইশতেহার গঠনের সাব-কমিটি।

বৃহস্পতিবার কমিটির বৈঠকে ইশতেহার তৈরিতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- সুশাসন ও দুর্নীতি, বৈষম্য, সাংবিধানিক ও আইনগত সংস্কার এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণ। ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সব দলের মতামতের ভিত্তিতে যৌথ ইশতেহার তৈরির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসে বৈঠকের আগে ইশতেহার কমিটির প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ছাপানো হবে। ১১ লক্ষ্যের ভিত্তিতে এই ইশতেহার তৈরি করা হচ্ছে। তবে এটা আরও বিস্তৃত হবে।

বৈঠক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্পকে সামনে রেখে আরও কিছু বিষয় সংযোজন করে পূর্ণাঙ্গ একটি ইশতেহার তৈরি করবে ঐক্যফ্রন্ট। বৈঠকে প্রত্যেক দলের কাছ থেকে পৃথক প্রস্তাবনা নেওয়া হয়। এসব প্রস্তাব সমন্বয় করে একটি খসড়া ইশতেহার তৈরির পর সেটি নিয়ে আগামী রোববার আবারও বৈঠকে বসবে ইশতেহার কমিটি।

সূত্র জানায়, বিভিন্ন দলের প্রস্তাবনায় রয়েছে ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার বিষয়টিও।

এ ছাড়া রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা। সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠন করে এর আমূল পরিবর্তন করা। বিরোধী দল থেকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিধান করা। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকে গুম, খুন বন্ধ করা। চাকরিতে যোগদানের বয়সসীমা বাড়ানো। স্থানীয় সরকারকে শক্তিশালী করা। শিক্ষা কার্যক্রমের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা।

ইশতেহার কমিটির এক নেতা জানান, তারা তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়েছেন। তাদের দাবি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত বক্তব্য থাকবে। কোটা সংস্কার থেকে শুরু করে চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে। ইশতেহারে তারা সুশাসনের জন্য দুর্নীতি রোধ ও কঠোর শাস্তির বিষয়কে গুরুত্ব দিয়েছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী জানান, তিনি নিজে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকায় এই খাতের সমস্যাগুলো সমাধানে ১০ দফা প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে শিশু নিপীড়নমূলক পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নোংরা খেলা বন্ধ করা হবে। মাধ্যমিক স্তরে চালু অপ্রয়োজনীয় বইয়ের বোঝা কমিয়ে দেবে, প্রাথমিক স্তরের বইগুলোকে সম্পূর্ণ বিষয়ভিত্তিক করবে।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ইশতেহারে মূল বিষয় থাকবে- জাতীয় ঐক্য। কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার। বিভক্তি আর নয়। দেশের মেরামত দরকার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের আওম শফিকউল্লাহ, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.