Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারের পর কারাগারে সাবেক প্রতিমন্ত্রী মিলন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৮

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজম মিলনকে আদালতে পাঠানোর নির্দেশ দেন

এসময় আদালতে মিলনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, মামলার কাগজপত্র সময়মতো আদালতে না পৌঁছানোয় এ বিষয়ে আগামী রোববার আদেশের দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আইনজীবী কামরুল জানান, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হত্যা, হত্যার চেষ্টা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার জামিন আবেদন করা হয়। তবে আদালত এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, উনি (মিলন) অসুস্থ মানুষ। তাকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিভাবে হেয়প্রতিপন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে এক আত্মীয়র বাড়ি থেকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মিলনকে গ্রেপ্তার করে।

মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তার বিরুদ্ধে ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

বিএনপি আমলের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি চাঁদপুর-১ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.