Sylhet Today 24 PRINT

গণমাধ্যম কর্মীদের বের করার সিদ্ধান্তটি সঠিক হয়নি: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৮

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার (২৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করে নিজের দপ্তরের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন তিনি।

সিইসি বলেন, আজকের সিদ্ধান্ত সঠিক হয়নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশজুড়ে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীদের থাকতে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত,  সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠকে বসে ইসি। সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়। এদিন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দেন। এ ছাড়া রোববার এবং সোমবারও এ সংক্রান্ত বৈঠক করবে ইসি।

সাধারণত এসব বৈঠকে সিইসির স্বাগত বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীরা সভার ভেতরেই থাকেন। আজকেও এ দাবি জানালেও তাতে সায় দেয়নি কমিশন। এসময় নির্বাচন কমিশনাররা একে অন্যের সঙ্গে কানাকানি করে কথা বলেন। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ছাড়তে অনুরোধ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.