Sylhet Today 24 PRINT

৭ জনের বেশি নিয়ে মনোনয়নপত্র জমা নয়: ইসি সচিব

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় কোনও প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি মানুষ নিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

ইসি সচিব বলেন, কোনও প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনও ধরনের শোডাউন করতে পারবেন না।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে জানিয়েছি, তারা যেনো কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেনো কারও ব্রিফে অংশ না নেন।

তিনি আরও বলেন, কোনও সংসদ সদস্য সংসদের স্টিকার ব্যবহার করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না এবং নির্বাচনী এলাকায় যেতে পারবেন না। কোনও মন্ত্রীও মনোনয়নপত্র জমা দিতে চাইলে তাকে ব্যক্তিগত গাড়িতে করে যেতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.