Sylhet Today 24 PRINT

ইজতেমার তারিখ ঘোষণা নির্বাচনের পর

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৮

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন শেষে যে কোনো দিন বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামাতের দুই গ্রুপের মুরুব্বিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠনসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বৈঠকে।

এসময় আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, টঙ্গীতে ইজতেমা ময়দানে দুই পক্ষের কেউ অবস্থান করতে পারবে না এবং নির্বাচনের পরে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে। ইজতেমার সিদ্ধান্তের আগে ময়দান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার তারিখ কিন্তু বন্ধ হচ্ছে না, ইজতেমার তারিখ শুধু শিফট হচ্ছে, নির্বাচনের পর যে কোনো সময়ে এটা হবে। একই সঙ্গে ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে দিল্লির মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিপন্থী বাংলাদেশে তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং তাদের বিরোধী কওমিপন্থী মাওলানা জুবায়েরের পক্ষ থেকে তাবলিগের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী ও আবদুল কুদ্দুসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও দুই শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি এ বৈঠকের আয়োজন করা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার স্থগিত করা হয়। একই সঙ্গে চলমান সংকট নিরসনে তাবলিগ ও সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতে পাঠানো সিদ্ধান্ত হয়। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে তাদের কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। নির্বাচন শেষ হলে দুপক্ষকে নিয়ে ইজতেমার তারিখ নির্ধারণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোনও পক্ষই সেই বৈঠকের সিদ্ধান্ত না মেনে শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.