Sylhet Today 24 PRINT

বন্ধই থাকল সাবিরাসহ সব দণ্ডিতের ভোটের পথ

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

বিচারিক আদালতের দেয়া দণ্ড স্থগিত হলে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে দুর্নীতির দায়ে কমপক্ষে দুই বছর সাজা হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না দণ্ডিতরা।

রোববার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

রোববার আপিল বিভাগে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অপরপক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

গত ২৯ নভেম্বর জাতীয় নির্বাচনে অংশ নিতে ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নীকে বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করে বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক হাই কোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে মুন্নীর আইনজীবী জানান, এর ফলে তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় চলতি বছর ১২ জুলাই মুন্নীকে দুটি ধারায় তিন বছর করে ছয় বছরের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.