Sylhet Today 24 PRINT

সিইসিসহ চার কমিশনার নিয়োগের বৈধতার রিট খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এ বিষয়ে একরামুল হক টুটুল জানান, রিট আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে স্বাভাবিক নিয়মেই সিইসিসহ অন্য নির্বাচন কমিশনাররা দায়িত্ব পালন করবেন ও কাজ চালিয়ে যাবেন।

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে করা রিটের বিষয়ে আইনজীবী ইউসুফ আলী বলেন, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন করে এর বিধান সাপেক্ষে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ এখনো কোনো আইন ও বিধান হয়নি। এসব ব্যতিরেকে সিইসিসহ অপর নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে এবং এই সংবিধান ও আইনের অধীন হবেন। স্বাধীন দায়িত্ব পালনের পূর্বাভিজ্ঞতা ব্যতিরেকে সিইসি হিসেবে কে এম নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে—এসব যুক্তিতে রিটটি করা হয়।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের শর্ত পূরণ করে সিইসিসহ অন্য কমিশনারদের নিয়োগে বিবাদীর নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মেও রুল চাওয়া হয়েছিল রিটে।

এর আগে ২৫ নভেম্বর সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন না করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার হোসেন ওই রিট করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.