Sylhet Today 24 PRINT

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর মহাখালী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাকিব নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন নুর ইসলাম নামে একজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে।

বনানী থানার পরিদর্শক (অভিযান) সায়হান ওয়ালিউল্লাহ জানান, মহাখালীতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পরে রাকিব নামের একজন নিহত হন। নিহত রাকিব ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.