Sylhet Today 24 PRINT

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ, প্রভাতী শাখায় নতুন প্রধান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রভাতী শাখার প্রধান পদে নতুন দুইজনকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভের মুখে তিন শিক্ষককে বরখাস্ত করার পর এ নিয়োগ দেয়া হল। 

ঢাকার নামি এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক। আর বেইলি রোডে প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন মহসিন তালুকদার। ভিকারুননিসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে এই সিদ্ধান্তের কথা জানান।

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী গত সোমবার আত্মহত্যা করার পর থেকে উত্তেজনা চলছে রাজধানীর নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে। পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার অভিযোগে তার বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করেন।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় তার বাবা থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ আনা হয়।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ে তদন্তে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার জন্য ওই তিন শিক্ষককে চিহ্নিত করা হলে বুধবার তিন শিক্ষককে বরখাস্ত, তাদের এমপিও বাতিল করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.