Sylhet Today 24 PRINT

ফের ক্লাস বর্জনের ঘোষণা, দাবি হাসনা হেনার মুক্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে আটক শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ দেখাচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একাংশ। একইসাথে আন্দোলন থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেইলি রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে থাকা একাদশ শ্রেণির ক্যাপ্টেন আনিকা ইশরাফ ইক্বরা সাংবাদিকদের বলেন, শিক্ষক হাসনা হেনাকে মুক্তি না দিলে তারা রোববার থেকে ক্লাস বর্জন করবেন।

‘যাদের হাত মানুষ গড়ার, তাদের হাতে কেন হাতকড়া,’ ‘শিক্ষক যদি সম্মান না পায়, এমন শিক্ষার দরকার কী’-এমন নানা স্লোগান নিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়েছেন।

অরিত্রীর সহপাঠী নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমা বলেন, আমরা মনে করি হাসনা হেনা আপা নির্দোষ। কেননা অরিত্রির বাবা-মা হাসনা ম্যাডামকে দোষী সাব্যস্ত করেননি। কিন্তু যারা দোষী তাদের গ্রেপ্তার করা হয়নি।

কলেজ শিক্ষার্থী লামিয়া বলেন, এক শ্রেণি শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন হাসনা হেনা ম্যাডাম। তার কোনো দোষ দেখি না। অন্যায়ভাবে তাকে শাস্তি দেয়া হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.