সিলেটটুডে ডেস্ক | ২৩ জুলাই, ২০১৫
ওসমানী নগরে খাদে পড়া বাস। এই দুর্ঘটনায় নিহত হন তিন জন
সড়কে যেনাে মৃত্যুর মিছিল লেগেছ। বৃহস্পতিবার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অনন্ত ২৪ জন মারা গেছেন। আহত হয়েছেন দুই শতাধিক জন।
দেশে আশঙ্কাজনকভাবে বেড়ে চলা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে নানা মহল থেকে দাবি, সরকারী বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সড়কে প্রাণহানী। বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলৈট টাঙ্গাইল, গাজীপুর, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জে শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন।
গাজীপুর : ঢাকা-গাজীপুর রেলপথের ধীরাশ্রম এলাকার বাক্কিনখান এলাকায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক রেললাইন ক্রস করছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হন। ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যে চলে গেছে।
ইনচার্জ জানান, রেলক্রসিংটি অননুমোদিত হওয়ায় কোনো সিগন্যাল বার ছিল না। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা পাটখাগুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিনিময় পরিবহনের বাসটি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করছে। গোড়াই হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগাঁওয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ রয়েছে দুই যাত্রী। ১০ যাত্রীকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হবিগঞ্জের নোয়াগাঁও গ্রামের সুজানা বেগম (৩৫) এবং মিন্নি বেগম (৩০)। নিহত এক যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন।
উদ্ধার কাজের সমন্বয়কারী ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরসালিন জানান, দুর্ঘটনা কবলিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীসহ অন্য যাত্রীরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহনের (ঢাকা মেট্রো-জ ১১-০৮৭৭) দ্রুতগতির বাসটি ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নারী-শিশুসহ অনন্ত ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
আহতদের কয়েকজন হচ্ছেন- সিলেট বাগবাড়ি এলাকার বসবাসরত মঈন উদ্দিন, তার স্ত্রী সুমি বেগম ও শিশু ছেলে মেহেদী হাসান শাওন, হবিগঞ্জের নোয়াগাঁও গ্রামের প্রিয়া বেগম, নবীগঞ্জের আলী হোসেন, আবু তালিব, মনু মিয়া, তামিম আহমদ, ব্রাহ্মণবাড়িয়ার সজিব মিয়া, অনার আলী, হবিগঞ্জের হাবিবুর রহমান, বাহুবলের আনিস মিয়া, জুলেখা বেগম, রিয়া বেগম, মাওলানা ওলি উল্যা মাছুম, সুমাইয়া বেগম, মনিসা বেগম, মুনাব্বির, মাশহুদা বেগম। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটি খাদ থেকে উঠাতে সক্ষম হয়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের একজনের নাম মো. ইনজামামুল হক (২২)। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মপুর এলাকায়। অপর হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, মাধবপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা সরাইলের ইসলামাবাদ এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে।
মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার দুপুরে ঢাকা-মাওয়া মহামড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
মাগুরা : মাগুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মাগুরা-ফরিদপুর সড়কে কছুন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের একরাম হোসেনের ছেলে শামছুর রহমান শামীম (২৯) ও একই এলাকার গাড়াখোলা গ্রামের কুরবান আলীর ছেলে গামেন্টস ব্যবসায়ী ওবাইদুর (২৭)।
মাগুরা সদর থানা সহকারি ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) কুমারেশ চন্দ্র জানান, ফরিদপুর থেকে মাগুরামুখী একটি মটর সাইকেলকে বিপরীতমুখী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম ও ওবাইদুর নিহত হন। দুর্ঘটনার পর চালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যান।
তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটির পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ চেষ্টা করছে।