সিলেটটুডে ডেস্ক | ২৬ জুলাই, ২০১৫
ব্রাজিল থেকে আমদানি করা খাওয়ার অনুপযোগী গম নিয়ে দেওয়া হাইকোর্টের রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার (২৬ জুলাই) এ আদেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।
স্থগিতাদেশ চলাকালীন সময়ে বিতরণ না হওয়া গম বিতরণ না করতে সরকারকে মৌখিক আদেশও দেয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী নয় বলে আপত্তি জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে এ গম বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তদন্ত করানোর আদেশ চেয়ে ২৮ জুন হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী।
৩০ জুন প্রাথমিক শুনানি শেষে ওই গম বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত। ৫ জুলাই রাষ্ট্রপক্ষের দেয়া প্রতিবেদনে আদমানি করা গম 'মানুষের খাওয়ার উপযুক্ত' বলে উল্লেখ করা হয়।
৮ জুলাই এ প্রতিবেদনের ভিত্তিতে রুল নিষ্পতি করে রায় দেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ গম নিতে কাউকে বাধ্য করা যাবে না এবং এরই মধ্যে বিতরণ করা গম কেউ ফেরত দিতে চাইলে তা নিতে হবে।
এ পর্যবেক্ষণ স্থগিতের নির্দেশনা চেয়ে চেম্বার আদালতে আপিল করেন খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক। ৯ জুলাই আপিল মঞ্জুর করে চেম্বার বিচারপতি হাইকোর্টের পর্যালোচনা ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেন এবং শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারক। আজ বিষয়টি আপিল বিভাগে তোলা হলে হাইকোর্টের দেয়া পুরো রায়ের কার্যকারিতা স্থগিত রাখতে আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে ব্রাজিল থেকে ২ লাখ ৫ হাজার ১২৮ টন গম আমদানি করা হয়। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ টন গম সারা দেশে পুলিশ, বিজিবি, আনসার, কারাগার, বিভিন্ন ডিলার ও আটা-ময়দা কল, টিআর-কাবিখাসহ বিভিন্ন কর্মসূচিতে ওই গম বিতরণ করা হয়েছে।