Sylhet Today 24 PRINT

নড়াইলের উন্নয়ন মাশরাফির প্রথম লক্ষ্য

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৯

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া ২৯১ জনপ্রতিনিধি। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

এ শপথ গ্রহণের মধ্য দিয়ে দশম সংসদ বিলুপ্ত হয়ে যাত্রা শুরু হলো একাদশ জাতীয় সংসদের। সে অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শপথ শেষে তিনি বলেন, "সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নের দিকেই বেশি নজর দেব। আমার প্রথম লক্ষ্য নড়াইলের উন্নয়ন।"

এসময় নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি বলেন, "এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।"

ক্রিকেটের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, "বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমি আমি চেষ্টা চালিয়ে যাব।"

তিনি বলেন, "ক্রিকেট জগতটা আমার মুখস্ত একটি ক্ষেত্র। বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যা যা করা দরকার সেদিকে সচেষ্ট হব।"

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করেন মাশরাফি বিন মুর্তজা।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের বিজয়ী প্রার্থীরা উপস্থিত থাকলেও বিএনপির নির্বাচিত পাঁচ সংসদ সদস্যের কেউই সেখানে উপস্থিত ছিলেন না; দেখা যায়নি দলটির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের দুই বিজয়ী প্রার্থী কেউই।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.