Sylhet Today 24 PRINT

ভোটের রাতে গণধর্ষণ: আরেক সন্দেহভাজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে এক গৃহবধূকে (৩২) গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন জসিম উদ্দিন (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জানুয়ারি) ভোরে পুলিশের একটি দল চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ।

এ ঘটনায় এজাহারে থাকা ৯ জনের মধ্যে মূলহোতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।

এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান।

এ নিয়ে পরের দিন ৩১ ডিসেম্বর সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। সরকারের পক্ষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও জানিয়ে দেন, গণধর্ষণের ঘটনায় কেউ রেহাই পাবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে।

তার প্রেক্ষিতেই বুধবার (২ জানুয়ারি) রাতে রুহুল আমিনসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গ্রেপ্তার তিন আসামি হলেন সুবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.