Sylhet Today 24 PRINT

বিরোধীদলের নেতা হবেন এরশাদ, সরকারে নয়

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার (৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান এ তথ্য জানান। একইসঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্য থাকবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও দলের চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আজ নিজের ফেসবুকে হুসেইন মুহম্মদ এরশাদের হয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

যাতে লেখা রয়েছ:

সকলের অবগতির জন্য :
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবেন না।
সংসদের মাননীয় স্পীকারকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
(হুসেইন মুহম্মদ এরশাদ)
চেয়ারম্যান, জাতীয় পার্টি

এদিকে, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও অংশ নেয়। বর্তমানে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন সরকারে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি আসনে জয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.