Sylhet Today 24 PRINT

চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল বারেক (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, "দামুড়হুদার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মৃত আব্দুর গনির ছেলে আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।"

তিনি আরো জানান, "তাকে থানায় নিয়ে আসার সময় মুক্তারপুর গ্রামের কাছে পৌঁছালে মুক্তারপুর ভুট্টাক্ষেতে আগে থেকে ওৎ পেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল বারেক আহত হয়। এ সময় পাঁচ পুলিশ সদস্যও সামান্য আহত হয়।"

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রামদা, এক বস্তা ফেনসিডিল ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে। আহত আব্দুল বারেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত আব্দুল রারেক দামুড়হুদা থানার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নামে থানায় একাধিক মামলা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.