Sylhet Today 24 PRINT

৮ কোটি টাকা উদ্ধারের মামলায় তারেকের এপিএস গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

তারেকের সাথে অপু, ফাইল ছবি।

একাদশ সংসদ নির্বাচনের আগে মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সাবেক এপিএস মিয়া নূরুদ্দীন আহম্মেদ অপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে  রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ধানের শীষের প্রার্থী অপু গত ২৪ ডিসেম্বর ভোটের প্রচারের সময় সংঘর্ষে আহত হন। এরপর থেকেই তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গ্রেপ্তার করা হলেও অপুকে আপাতত হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।

ভোটের মাত্র চার দিন আগে মতিঝিলে ইউনাইটেড এন্টারপ্রাইজ ও ইউনাইটেড করপোরেশনে অভিযান চালিয়ে ওই কোম্পানির এমডি এ এম আলী হায়দারকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে হায়দারের দেওয়া তথ্য অনুযায়ী পল্টনের হাউজ বিল্ডিং রোডের বায়তুল খায়ের টাওয়ারের সিটি মানি এক্সচেঞ্জ থেকে আরও ৫ কোটি টাকা জব্দ করা হয়।

এছাড়াও গুলশানে অপুর ব্যবসায়িক প্রতিষ্ঠান আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড থেকে ৪ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকাসহ জয়নাল আবেদীন এবং আলমগীর হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

সে সময় র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, হায়দারের মামা ইউনাইটেড এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাহমুদুল হাসান শরিয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অপুর ঘনিষ্ঠ বন্ধু। নির্বাচনে প্রভাব খাটানোর জন্য বিদেশ থেকে দেড়শ কোটি টাকা হুন্ডির মাধ্যমে আনা হয়, তার মধ্যে সাড়ে ৩ কোটি টাকা অপুর কাছে পাঠানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি নূর উদ্দিন আহমেদ অপু এক সময় খালেদা জিয়ার ছেলে তারেকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করতেন। দণ্ড নিয়ে যুক্তরাজ্যে থাকা তারেক কয়েক বছর আগে লন্ডন থেকে সৌদি আরবে ওমরাহ পালনে গেলে তার সঙ্গে তখনও অপুকে দেখা গিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.