Sylhet Today 24 PRINT

শপথ নিচ্ছেন মনসুর-মোকাব্বির!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৯

বিএনপি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

শনিবার (৫ জানুয়ারি) দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।

ভোটে বিজয়ী গণফোরামের দুই প্রার্থী হলেন সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকের মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এর মধ্যে সুলতান মনসুর বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে।

বিএনপি ইতিমধ্যে শপথ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে দ্বিমত ঐক্যফ্রন্ট তথা ড. কামাল হোসেনের গণফোরামের।

ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতে শপথ নিতে চান তারা।

এর আগে সকালে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন গণফোরামের নেতা ড. কামাল।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিমও বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিএনপি প্রার্থী শপথ নেবে না বলে ঘোষণা করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার তিনি জানান, নির্বাচনের ফলকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি, এ কলঙ্কজনক নির্বাচন বাতিল করে আবার অনুষ্ঠিত করতে হবে এবং এটা অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন নির্বাচন প্রত্যাখ্যান করলে আবার শপথ নেব কিভাবে। আমি পরিষ্কার বলছি শপথ নেব না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.