সিলেটটুডে ডেস্ক | ০৬ জানুয়ারী, ২০১৯
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে গণধর্ষণ মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ফেনী জেলার সুলতানপুরে তার এক আত্মীয়র বাড়ি থেকে মামলার নয় নম্বর আসামী ছালাউদ্দিনকে (৩৫) গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বলে জানান জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।
তিনি জানান, এই ধর্ষণের ঘটনায় জড়িত বাকি আসামীদের ধরতে মোবাইল ফোন ট্র্যাক করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
ছালাউদ্দিনকে নিয়ে এ পর্যন্ত এই ধর্ষণের মামলায় ৮ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তার ছালাউদ্দিনের বাড়ি সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে।
এদিকে এ মামলায় গ্রেপ্তার বাসু, সোহেল ও স্বপনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল। তিনি জানান, রোববার জেলার দুই নম্বর আমলি আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর রাতে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাদশা আলম ওরফে বাসু, আবুল, মোশারেফ ও সালাউদ্দিন চার সন্তানের জননী ওই নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রাখে। পরে স্বামীকে বেদম প্রহার করে এবং ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণের পর পিটিয়ে আহত করে।
এ ঘটনায় ওই নারীর স্বামী নয়জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা করেন।