Sylhet Today 24 PRINT

হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। রোববার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান। এরপর তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অসুস্থ এরশাদ এর আগে হুইল চেয়ারে সংসদে যান। শপথ নেয়ার পর তিনি হুইল চেয়ারেই সংসদ ভবন ছাড়েন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান। এসময় জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে, অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ। রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ২৬ ডিসেম্বর দেশে ফিরে ঢাকার বাসায় ছিলেন তিনি।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করেছে। জাতীয় সংসদের ঘোষিত ফলাফলে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি আসন। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামীকাল সোমবার মন্ত্রীপরিষদ গঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.