Sylhet Today 24 PRINT

‘মন্ত্রী বানানোর শর্তে জোট করা হয়নি’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৯

ফাইল ছবি

মন্ত্রী বানানোর শর্ত দিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ জোট করেনি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রীসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।’

এ সময় নতুন মন্ত্রীসভায় সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া হয়েছে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবো। প্রয়োজনে মন্ত্রীসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রীসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্ত্বা আছে। আমি মনে করি না বাদের পড়ার কোনো বিষয় আাছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.