Sylhet Today 24 PRINT

মাল্টিলেভেল মার্কেটিং এর টাকা আত্মসাত: ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

নিউজ ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৫

বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে চরমোনাই পীরের ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, এইমওয়ে করপোরেশন ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১২ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা সংগ্রহ করে ১০ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ২০১৪ সালের ১৬ জানুয়ারি দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার এ বিষয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন এইমওয়ে করপোরেশনের চেয়ারম্যান ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি চরমোনাই পীরের ছেলে সাইয়্যেদ রিদওয়ান বিন ইসহাক, এইমওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতির সম্পাদক মো. মাসুদ রানা, এইমওয়ের পরিচালক (অর্থ) ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতির যুগ্মসম্পাদক মো. মশিউর রহমান, এইমওয়ের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ও উপব্যবস্থাপনা পরিচালক জিএম সালাউদ্দিন।

দেড় বছর পর তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম মামলাটি তদন্ত করেন। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.