Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়: মোজাম্মেল হক

নিউজ ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীরা বাংলাদেশের কলঙ্ক। তাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কেউ যদি যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয় তাহলে তার যেন মৃত্যুদণ্ড হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, মহাসচিব এমদাদ হোসেন মতিন, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লাসহ রাজধানীর বিভিন্ন থানার মুক্তিযেদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীরা বাংলাদেশের কলঙ্ক। তাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কেউ যদি যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয় তাহলে তার যেন মৃত্যুদণ্ড হয়। তাই বিচারকদের কাছে আবেদন করবো কোনো ব্যক্তি যদি যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয় তবে তাকে যেন সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি বাংলার মানুষ মেনে নেবে না। মেনে নিতে পারে না। কারণ যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধকালীন বাংলার মানুষের ওপর যে নির্যাতন, যে অত্যাচার চালিয়েছে তাতে করে যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটাই বাংলার মানুষের প্রত্যাশা।

এদিকে একই দাবিতে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সংগঠনের সহসভাপতি মোবারক হোসেন শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.