Sylhet Today 24 PRINT

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫টি বাড়িতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টা থেকে এ অভিযান শুরু হয়ে সকাল ৮টায় অভিযান শেষ হয়। আটক মনিরুল ইসলাম ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম বলেন, "রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২-৩ জন আসামি শিবগঞ্জে কানসাটের শিবনারায়নপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত থেকে ১৫-২০টি বাড়ি ঘিরে ফেলে র‌্যাব। সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় জঙ্গিরা পালিয়ে যায়।"

তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.