Sylhet Today 24 PRINT

ইমরান সরকারের অবস্থান জানতে চেয়েছেন আদালত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) মানবতা বিরোধী অপরাধী সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের পার্টিকুলার্স (বিস্তারিত ঠিকানা) জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করবো। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।

২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ওইদিন রাজধানীর শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন ইমরান এইচ সরকার।

সাকা চৌধুরীর রায়ের আগে ইমরান এইচ সরকার শাহবাগে মঞ্চের কর্মসূচিতে প্রধান বিচারপতির সঙ্গে সাকা চৌধুরীর সাক্ষাৎ হয়েছে এমন অভিযোগ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। 

পরে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিক স্বদেশ রায় একই বিষয়ে অভিযোগ করে এক লেখা লিখলে এটাও আদালতের নজরে আসে এবং উক্ত পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট লেখককে ৩ ৩ আগস্ট আদালতে তলব করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.